দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন বার্তা দিল দুই নেতা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার নয়াদিল্লিতে পৌঁছালে বিমানবন্দরে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথা ভেঙে নিজে বিমানবন্দরে গিয়ে পুতিনকে অভ্যর্থনা জানান মোদি। এ সময় দুই নেতা আলিঙ্গন ও করমর্দন করেন।
অভ্যর্থনার পর একই গাড়িতে বিমানবন্দর ছাড়েন মোদি ও পুতিন—যা কূটনৈতিক মহলে বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর আগে মোদি বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেও একই গাড়িতে তাঁদের সঙ্গে শহর ছেড়ে যাননি।
বিমানবন্দর থেকে দুই নেতা যান প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোককল্যাণ মার্গে। সেখানে পুতিনের সম্মানে ব্যক্তিগত ডিনারের আয়োজন করেন মোদি। রাতের এই বৈঠকে দুই নেতা খোলামেলা আলোচনা করবেন বলে জানানো হয়েছে। আজ শুক্রবার তাদের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা।
বিশেষজ্ঞদের মতে, এ সফরে ভারত ও রাশিয়ার মধ্যে এস-৪০০ এবং এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত সুখোই যুদ্ধবিমানের প্রযুক্তি হস্তান্তর, স্থানীয়ভাবে উৎপাদনের লাইসেন্স এবং সাবমেরিন কেনা নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে সেপ্টেম্বরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে পুতিনের গাড়িতে চড়েছিলেন মোদি; সেই ছবি তিনি নিজেই প্রকাশ করেছিলেন।




















































