ঢাকা: বহু বছর পর দেশের মানুষ, বিশেষ করে তরুণ ভোটাররা, স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আসন্ন জাতীয় নির্বাচন একটি উৎসবমুখর ও আশাব্যঞ্জক সময় হয়ে উঠবে। জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে।’
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
এ সময় সুসান রাইল জানান, বাংলাদেশে নির্বাচন কমিশনের কারিগরি, প্রাতিষ্ঠানিক ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়া ইউএনডিপির মাধ্যমে ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার অনুদান দেবে।
তিনি বলেন, ‘বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। নির্বাচনের পরিবেশ উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’
এছাড়া, বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে পাঁচ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে। গত পাঁচ বছরে বার্ষিক গড়ে ১৬ দশমিক দুই শতাংশ হারে এ বাণিজ্য বেড়েছে।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক বন্ধুদের সহযোগিতা গুরুত্ব সহকারে দেখে। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন দেশের জন্য একটি ইতিবাচক মাইলফলক হবে।’






















































