বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তী দাবি করেছেন, তিনি অন্য তারকা সন্তানদের মতো সুবিধাপ্রাপ্ত নন। মুম্বাই নয়, তামিলনাড়ুতেই কেটেছে তার শৈশব। তাই তিনি নিজেকে কখনোই ‘বলিউড কিড’ ভাবেন না।
প্রথমবারের মতো বাবা-ছেলে একসঙ্গে অভিনয় করছেন দ্য বেঙ্গল ফাইলস ছবিতে। তবে একই দৃশ্যে থাকছেন না দু’জন। নমশির মতে, শুধুই বাবার ছায়াতলে নয়, নিজের যোগ্যতা প্রমাণ করাই তার লক্ষ্য।
“আমি শুধু মিঠুন চক্রবর্তীর ছেলে নই, আমি যোগিতা বালির ছেলেও। আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে মানুষের আলাদা প্রত্যাশা থাকে। কিন্তু কাজ পেতে আমি কাউকে ভরসা করিনি। অসংখ্য অডিশন দিয়েছি, বারবার প্রত্যাখ্যাত হয়েছি, তবু হাল ছাড়িনি।”
তিনি আরও বলেন, অনেকেই তারকা সন্তানদের সুবিধার কথা বলেন, কিন্তু দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য প্রতিভা আর ভাগ্য—এই দুটিই জরুরি। “অক্ষয় খান্না বা রণবীর কাপুরকে আজ আর শুধু ‘তারকা সন্তান’ বলা হয় না, কারণ তারা নিজের অভিনয় দিয়ে জায়গা বানিয়েছেন,” যোগ করেন নমশি।
১৯৯৪ সালে একাধিক সিনেমায় ব্যর্থ হওয়ার পর মিঠুন পরিবার নিয়ে উটিতে চলে যান। সেখানেই বড় হয়েছেন নমশি। পরে ২০১৫ সালে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি।
নমশি জানান, ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল তার। থিয়েটার, স্ট্যান্ড-আপ কমেডি, ইমপ্রোভাইজেশনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।
২০২৩ সালে রাজকুমার সান্তোষির ব্যাড বয় ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় নমশির। এবার দ্য বেঙ্গল ফাইলস–এ খলনায়ক চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর।























































