সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫’। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ মেলার উদ্বোধন করেন।
মেলায় ফ্যাশন ও লাইফস্টাইল সামগ্রী, ইলেকট্রনিকস, কসমেটিকস, জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যারসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন, এ ধরনের আয়োজন আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্মিলিতভাবে একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গড়ে তোলার আহ্বান জানান।
সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বিশ্ব বাণিজ্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে।
এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে হবে। বাণিজ্য বাধা দূর করে দক্ষিণ এশিয়াকে শক্তিশালী অর্থনৈতিক ব্লক হিসেবে গড়ে তোলা সম্ভব।
মেলায় দেশি-বিদেশি ব্যবসায়ী, কূটনীতিক এবং বিভিন্ন চেম্বারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।




















































