ঢাকা | ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (OHCHR) স্থাপনের উদ্দেশ্যে খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দফতর স্থাপনের অনুমোদনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও সহায়তায় জাতিসংঘ সরাসরি ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।
সভায় উপস্থিত এক উপদেষ্টা বলেন, “বাংলাদেশে মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ডে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড রক্ষায় জাতিসংঘের সহযোগিতা বাংলাদেশকে আরও শক্তিশালী করবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জাতিসংঘের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই এ বিষয়ে যৌথভাবে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোর কার্যক্রমেও গতি আসবে।
তবে এ বিষয়ে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।





















































