ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, অবস্থানে অনড় প্রধান উপদেষ্টা
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে নিজের পূর্বঘোষিত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছেন এবং এ সময়সীমার বাইরে যাবেন না বলে জোর দিয়ে জানিয়েছেন।
শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। তিনি বলেন, “অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে অনড়। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার আগামী বছরের জুনের পরে কার্যক্রম চালাবে না।”
প্রেস সচিব আরও জানান, বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎকালে তিনিও একই বার্তা পুনর্ব্যক্ত করেছেন।
এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকের পরে প্রেস সচিব বলেন, “তিন দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন এবং তার নেতৃত্বে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন।”
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন, সংস্কার ও বিচারমূলক কার্যক্রম বাস্তবায়নের বাধাগুলো মোকাবিলায় সরকার জনগণের সমর্থন নিয়ে কাজ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, “গোষ্ঠীস্বার্থ এবং বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেও সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে, তবে তা জনগণের সামনে তুলে ধরা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকটি ড. ইউনূস এবং বিএনপি ও জামায়াত নেতাদের আলোচনার আগে অনুষ্ঠিত হয়।























































