ঢাকা, ৫ মে — আসন্ন উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম জোরদার করতে চামড়া ব্যবসায়ীদের জন্য ঋণ সহজ করেছে । একই সঙ্গে পুরোনো ঋণখেলাপিদের ক্ষেত্রেও শর্ত শিথিল করা হয়েছে।
মঙ্গলবার জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, চামড়াশিল্প দেশের একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত এবং কোরবানির সময়েই বছরের বড় অংশের কাঁচামাল পাওয়া যায়। এ খাতের কার্যক্রম সচল রাখতে ব্যবসায়ীদের হাতে দ্রুত অর্থের জোগান নিশ্চিত করা প্রয়োজন।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যবসায়ীর পুনঃতফসিল করা ঋণ রয়েছে, তারা নতুন ঋণ নিতে গেলে সাধারণত নির্দিষ্ট কিস্তি বা ‘কম্প্রোমাইজড অ্যামাউন্ট’ জমা দিতে হয়। তবে চামড়া কেনার সুবিধার্থে এই বাধ্যবাধকতা আগামী ৩০ জুন পর্যন্ত শিথিল করা হয়েছে। ফলে খেলাপি বা পুরোনো ঋণ থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা নতুন মূলধনি ঋণ নিতে পারবেন।
এ ছাড়া ২০২৬ সালের জন্য চামড়া খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যা কোনোভাবেই আগের বছরের তুলনায় কম রাখা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং বিতরণ করা ঋণের তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগে পাঠাতে হবে। একই সঙ্গে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে দ্রুত ঋণ অনুমোদন ও বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পান।




















































