চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) আগস্ট মাসে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের শেষ নাগাদ বার্ষিক সক্ষমতা বাড়িয়ে ৩৭ লাখ টিইইউএস বা বিশফুট একক ইউনিট কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এনসিটির প্রধান পরিচালন কর্মকর্তা ক্যাপ্টেন মো. জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আগস্টে এনসিটি ১ লাখ ২২ হাজার ৫১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডল করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি।
তিনি জানান, গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) এনসিটির ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার পর কার্যক্রমের দক্ষতা বেড়েছে। জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমেছে, বহির্নোঙরে অপেক্ষার সময়ও হ্রাস পেয়েছে। ফলে বন্দরের সার্বিক কর্মক্ষমতা বেড়েছে।
চট্টগ্রাম বন্দর ২০২৪ সালে মোট ৩২ দশমিক ৭৫ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডল করে, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। তবে লয়েড’স লিস্টের ২০২৫ সালের তালিকায় বন্দরটি এক ধাপ পিছিয়ে ৬৮তম স্থানে নেমে এসেছে।
বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশের বেশিই হয় এই বন্দর দিয়ে। কর্তৃপক্ষের আশা, নতুন ব্যবস্থাপনা বন্দরের প্রতিযোগিতা ক্ষমতা বাড়াবে এবং একে একটি নির্ভরযোগ্য আঞ্চলিক হাবে পরিণত করবে।



















































