গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক, গ্রেটা থুনবার্গসহ মানবাধিকারকর্মীরা ইসরায়েলের হেফাজতে

0
201

আন্তর্জাতিক ডেস্ক | ১০ জুন ২০২৫

ইসরায়েলি নৌবাহিনী গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক করেছে। জাহাজটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গসহ অন্তত ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন।

ঘটনাটি ঘটে আন্তর্জাতিক জলসীমায়, যেখানে জাহাজটিকে ঘিরে ধরে ইসরায়েলি বাহিনী। যাত্রীদের দাবি, আক্রমণের আগে তাদের উপর সাদা রঙের একটি অজ্ঞাত পদার্থ ছিটানো হয় এবং পরে তাদের মোবাইল ফোনগুলো সাগরে ফেলতে বাধ্য করা হয়। জাহাজের সঙ্গে বাইরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

আটকের আগে এক ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ ও ব্রাজিলীয় মানবাধিকারকর্মী থিয়াগো আভিলা বলেন, “আমাদের যদি অপহরণ করা হয়, তাহলে বিশ্বের মানুষ যেন আমাদের মুক্তির দাবি তোলে।”

জাহাজে আরও ছিলেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, স্পেন এবং নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের নাগরিকরা।

ঘটনাটির নিন্দা জানিয়ে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো একে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাস একে “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ” বলে মন্তব্য করেছে। এমনকি অস্ট্রেলিয়ার ইহুদি কাউন্সিলও ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

অন্যদিকে, ইসরায়েল এক্স (পূর্বতন টুইটার) প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জাহাজ আটকানোর বিষয়টি নিশ্চিত করেছে এবং ত্রাণবাহী জাহাজটিকে ব্যঙ্গ করে ‘সেলফি ইয়ট’ বলে আখ্যায়িত করেছে।

বর্তমানে আটককৃত জাহাজটিকে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং যাত্রীদের ভাগ্য সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Previous articleযুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
Next articleঅশ্রুসিক্ত রোনালদোর কণ্ঠে গর্ব: ‘দেশের হয়ে জয়ের চেয়ে বড় কিছু নেই’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here