বিরাট কোহলির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। ১৮তম আসরে এসে অবশেষে আইপিএল শিরোপা জিতেছে তাঁর দল বেঙ্গালুরু। ফাইনালে প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ৯ উইকেটে ১৯০ রান তোলে। কোহলি করেন সর্বোচ্চ ৪৩ রান, যদিও স্ট্রাইক রেট ছিল ১২৩। রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, মায়াঙ্ক আগারওয়াল ও জিতেশ শর্মা প্রত্যেকে ২০ রানের বেশি করেন। বিশেষ করে জিতেশের ১০ বলে ২৪ রানের ইনিংসটি দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়।
পাঞ্জাবের বোলারদের মধ্যে অর্শদীপ সিং ও কাইল জেমিসন ৩টি করে উইকেট নেন। শেষ ওভারে অর্শদীপ মাত্র ৩ রান দিয়ে বেঙ্গালুরুর রান আটকে দেন।
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব ৭ উইকেটে ১৮৪ রান করতে সক্ষম হয়। ওপেনার প্রভসিমরান সিং ও প্রিয়াংশ আর্য মন্থর ব্যাটিং করেন। নেহাল ওয়াধেরার ১৮ বলে ১৫ রানের ইনিংসটি দলকে চাপে ফেলে। জশ ইংলিস ২৩ বলে ৩৯ রান করে কিছুটা লড়াই করেন, তবে দলের জয় নিশ্চিত করতে পারেননি।
বেঙ্গালুরুর স্পিনার ক্রুনাল পান্ডিয়া ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফাইনালের চাপ ও স্পিনের সামনে পাঞ্জাব ব্যাটসম্যানরা সেভাবে দাঁড়াতে পারেননি।
শেষ বলটি করার পর কোহলির চোখে জল দেখা যায়, যা তাঁর আবেগের বহিঃপ্রকাশ। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতে তিনি নিজের স্বপ্ন পূরণ করেছেন।




















































