নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার। রাজনৈতিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করে ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডা সরকারের ওয়েবসাইটে প্রকাশিত ভ্রমণ নির্দেশনায় বলা হয়, ২০২৪ সালের জুলাই থেকে সহিংসতায় বাংলাদেশে হাজারো মানুষ নিহত হয়েছেন। যদিও বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত, তবে হঠাৎ সহিংস বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।
বিশেষভাবে ঢাকার সংসদ ভবন, সচিবালয়, বায়তুল মোকাররম, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, নয়াপল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ও কারওয়ান বাজার এলাকায় ভ্রমণে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কানাডা। ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, জাতিগত সংঘাত, অপহরণ এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। কেউ সেখানে যেতে চাইলে কমপক্ষে ১০ দিন আগে স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
নির্দেশনায় নারীদের একা ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাতের বেলায় গণপরিবহন এড়িয়ে চলতে এবং ঢাকার বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কানাডা সরকার সতর্ক করেছে, সন্ত্রাসী হামলার ঝুঁকি এখনো বিদ্যমান, বিশেষত ধর্মীয় উৎসব ও বড় জনসমাগমে। পাশাপাশি সাধারণ ধর্মঘট ও অবরোধ চলাকালে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।






















































