ঋতুপর্ণা-সাগরিকাদের পথে হাঁটতে চায় অনূর্ধ্ব-১৭ নারী দল

0
141

সিনিয়র ও অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর এবার একই সাফল্যের ধারা ধরে রাখতে চায় অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। আগামী ২০ আগস্ট ভুটানে শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার সকালে থিম্পুর উদ্দেশে দেশ ছাড়বে তারা। ফুটবলার, কোচ ও স্টাফসহ ৩০ সদস্যের বহর যাচ্ছে ভুটান।

জাতীয় নারী দলের প্রধান কোচ পিটার বাটলারকে বিশ্রাম দিয়ে অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব দেওয়া হয়েছে মাহবুবুর রহমান লিটুকে। চার দলের এই টুর্নামেন্টে (বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল) রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন— কোনো ফাইনাল নেই। উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

২০২৩ সালে দেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ আসরে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল। ওই আসরে রাশিয়া শিরোপা জিতেছিল। গত বছর নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন হয় লাল-সবুজরা, আর সেই দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস এবার অনূর্ধ্ব-১৭ দলকে নেতৃত্ব দেবেন।

কোচ লিটু বলেন, “বাটলার আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। মেয়েরা সিনিয়র দলের মতো একই কৌশলে খেলবে। আশা করি তারা ভালো ফলাফল করবে।”
অধিনায়ক অর্পিতার প্রত্যয়, “সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল যেভাবে সফলতা পাচ্ছে, আমরাও চাই এবারের চ্যাম্পিয়নশিপে সেই ধারাবাহিকতা বজায় রাখতে।”

Previous articleনরওয়েতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু
Next articleশেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানেন না: নাহিদ ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here