নিজস্ব প্রতিবেদক
ঢাকা | বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে নানা অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাজসাক্ষী হিসেবে জেরার সময় তিনি এসব তথ্য তুলে ধরেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মামুনও আসামি ছিলেন। তবে পরে রাজসাক্ষী হয়ে মামলার বিভিন্ন তথ্য আদালতে দেন।
মামুন বলেন, পুলিশের সর্বোচ্চ পদে থেকেও অনেক বৈঠকের বিষয়ে তাঁকে জানানো হতো না। এসব বৈঠক হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। বৈঠকের তথ্য জানতে তাঁকে সোর্সের ওপর নির্ভর করতে হতো। তাঁর অধস্তন কর্মকর্তাদের নিবৃত করার চেষ্টা করলেও তাঁরা শোনেননি। তবে এ কারণে পদত্যাগেরও চেষ্টা করেননি বলে জানান তিনি।
ট্রাইব্যুনালে জেরার সময় মামুন দাবি করেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোটের আগের রাতে ৫০ শতাংশ ব্যালট বাক্স ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন। এ তথ্য তিনি সোর্স থেকে জানতে পেরেছিলেন।
এ ছাড়া তিনি জানান, র্যাবের উত্তরা ইউনিটের কম্পাউন্ডে থাকা টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেলের বন্দিশালা তাঁর নির্দেশে তৈরি বা পরিচালিত হয়নি। কাউকে আটক করার নির্দেশও তিনি দেননি।
তিনি আরও বলেন, “অন্যায়–অনিয়মের মাধ্যমে আমি কোনো সুবিধা নেইনি।”
এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে নিয়োজিত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাঁকে জেরা করেন। এর আগে ২ সেপ্টেম্বর মামুন আদালতে জবানবন্দি দেন।























































