আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার প্রসঙ্গে রাফিনিয়ার নতুন মন্তব্য

0
182

বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ ১২ গোল করে রেকর্ডের দোরগোড়ায় পৌঁছেছেন তিনি। এমনকি সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ীদের তালিকাতেও উঠে এসেছে তাঁর নাম। তবে এই অসাধারণ ফর্মের মধ্যেও একটি সাম্প্রতিক মন্তব্য তাঁকে বিতর্কের মুখে ফেলেছে।

আর্জেন্টিনার বিপক্ষে একটি ম্যাচের আগে রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া বলেছিলেন, “আমরা আর্জেন্টিনাকে অবশ্যই হারাব, গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। আমি নিশ্চিতভাবে গোল করব এবং আমরা আমাদের সবটুকু দিয়ে লড়াই করব।”

তাঁর এই বক্তব্য ম্যাচের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু ম্যাচের ফলাফল রাফিনিয়ার প্রত্যাশার পুরো বিপরীত ছিল। ব্রাজিল আর্জেন্টিনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়। ম্যাচ শেষে আর্জেন্টাইন খেলোয়াড় ও সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ম্যাচ চলাকালীন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি রাফিনিয়াকে ‘কথা কম বলতে’ শাসান, আর ম্যাচের পর এনজো ফার্নান্দেজ সামাজিক মাধ্যমে তাঁকে পরামর্শ দেন, “পরেরবার বিনয়ী থেকো।”

দীর্ঘদিন এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, সম্প্রতি বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাফিনিয়া এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি স্বীকার করেন যে তাঁর শব্দচয়ন সঠিক ছিল না, তবে তাঁর বক্তব্যের পেছনের মানসিকতাটি ঠিক ছিল। রাফিনিয়া বলেন, “আমি যা বলেছি, তা ফিরিয়ে নিচ্ছি না। হয়তো বলার ধরনটা আক্রমণাত্মক ছিল, কিন্তু আমার উদ্দেশ্য পরিষ্কার। জাতীয় দলের জার্সি পরার সময় আমি সর্বোচ্চ দিতে প্রস্তুত।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “আমি বুঝতে পেরেছি যে আমার বক্তব্যের ভাষা ভুল ছিল। তবে আমার ভাবনা সব সময় এক—আমি ব্রাজিলের বা বার্সেলোনার হয়ে খেললে, জার্সির মর্যাদা রক্ষা করতেই হবে। যদি লড়তে হয়, আমি লড়ব।”

রাফিনিয়ার এই মন্তব্য তাঁর লড়াকু মানসিকতারই প্রকাশ। তবে মাঠের পারফরম্যান্সই যে শেষ কথা, সেটি তিনি নিশ্চিতভাবেই জানেন।

Previous articleআসন্ন বাজেটে কর বৃদ্ধি হতে পারে: এনবিআর চেয়ারম্যান
Next article‘মার্চ ফর গাজা’ নিয়ে নতুন সিদ্ধান্ত: মানিক মিয়া অ্যাভিনিউয়ের বদলে গণজমায়েত সোহরাওয়ার্দীতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here