দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ ও আবশ্যিক বিষয়ের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একটি রাষ্ট্র, একটি শিক্ষা মন্ত্রণালয় এবং একই পাঠ্যক্রম থাকা সত্ত্বেও বিভিন্ন বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা নেই। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র চালু করা হয়েছে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের বাংলা, ইংরেজিসহ সাধারণ বিষয়গুলোর পরীক্ষাও একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রশ্নপত্র বিতরণে কোনো ধরনের ভুল বা কোড বিভ্রাট ঘটলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় শিক্ষামন্ত্রী শিক্ষা খাতে নিয়োগসংক্রান্ত মামলার কারণে সৃষ্ট জটিলতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া মামলার কারণে দীর্ঘদিন ধরে আটকে আছে, যা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর।
এ ছাড়া তিনি জানান, ইবতেদায়ি ও প্রাথমিক শিক্ষার মধ্যে সমন্বয় এবং অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মের আওতায় আনতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























































