ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

0
101

ঢাকা, ১ জুন— ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকদের একটি অংশ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার সকালে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে শতাধিক গ্রাহক ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের অভিযোগ, সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী। তাই তাঁকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে দেওয়া যাবে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ব্যাংক ভবনের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়।

এ সময় আন্দোলনকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেন, কয়েকশ গ্রাহক ভোর থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা হলেও তাঁরা তা মানেননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করা হয়।

বর্তমানে ব্যাংকের প্রধান কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেছিলেন। সম্প্রতি তাঁকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Previous articleরামিসা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ
Next articleঅকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here