চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চায় বেইজিং

0
58

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় রয়েছে চীনের সরকার ও জনগণ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাম্প্রতিক চীন সফর উপলক্ষে এ আয়োজন করা হয়।

ইয়াও ওয়েন বলেন, বিএনপির প্রতিনিধিদলের সফরকে ঘিরে চীনের জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমেও সফরটি গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সরকার ও জনগণকে বিএনপিকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও চীনকে ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘লুক ইস্ট পলিসি’র ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাবেন।

তিনি দুই দেশের মধ্যে শিল্প, সাহিত্য, বাণিজ্য, অর্থনীতি ও প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিএনপি ও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

Previous articleবাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
Next articleডিএমপির সতর্কতা: বিআরটিএর নম্বরপ্লেট ও আরএফআইডি ছাড়া চললে আইনি ব্যবস্থা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here