যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে

0
95

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়; প্রয়োজন হলে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, যেকোনো চুক্তিতেই দুই পক্ষের স্বার্থ জড়িত থাকে। কিছু ধারা এক পক্ষের অনুকূলে থাকে, আবার কিছু অন্য পক্ষের জন্য সুবিধাজনক হয়। আলোচনার মাধ্যমে ‘উইন–উইন’ পরিস্থিতি নিশ্চিত করাই মূল লক্ষ্য।

মন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় সাড়ে ৮ বিলিয়ন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি প্রায় পৌনে তিন বিলিয়ন ডলার। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। ভবিষ্যৎ বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এ সম্পর্কের সঙ্গে যুক্ত।

৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাক্ষরিত চুক্তি নিয়ে দেশে যে সমালোচনা হচ্ছে, সে বিষয়ে তিনি বলেন, চুক্তিটিকে এখনই সম্পূর্ণ ইতিবাচক বা সম্পূর্ণ নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি রাষ্ট্রীয় চুক্তি এবং বাস্তবতা। তবে কোনো চুক্তিই চূড়ান্ত নয়—ভবিষ্যতে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রয়েছে।

মার্কিন আদালতে জরুরি ক্ষমতার আওতায় আরোপিত শুল্ক সংক্রান্ত রায়ের বিষয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি এখনো বিকাশমান; সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে।

ভিসা বন্ড ইস্যুতে ব্যবসায়ীদের উদ্বেগের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। সরকার চায় দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা যেন সহজে যাতায়াত ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারেন।

মন্ত্রী আরও জানান, নন-ট্যারিফ বাধা দূর করা গেলে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়নের সুযোগ বাড়তে পারে।

Previous articleমধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিদ্যুৎ–সার উৎপাদনে শঙ্কা
Next articleকাতার থেকে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বিকল্পের খোঁজে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here