দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা বাড়লেও উল্টো কমেছে এসব অ্যাকাউন্টে জমা টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্ট ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি। সেপ্টেম্বর শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৮ হাজার ৭০টি। অর্থাৎ তিন মাসে নতুন করে যুক্ত হয়েছে ৭৩৪টি অ্যাকাউন্ট।
তবে একই সময়ে এসব অ্যাকাউন্টে মোট জমা কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা। জুন শেষে কোটিপতি অ্যাকাউন্টে জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে নেমে আসে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়।
এর আগের প্রান্তিকেও (মার্চ–জুন) কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছিল ৫ হাজার ৯৭৪টি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ‘কোটিপতি অ্যাকাউন্ট’ বলতে ব্যক্তি পর্যায়ের কোটিপতিকে বোঝায় না। এসব হিসাবের বড় অংশই বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্ট।
এ সময় ব্যাংক খাতে মোট অ্যাকাউন্টের সংখ্যাও বেড়েছে। জুন শেষে মোট ব্যাংক অ্যাকাউন্ট ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেপ্টেম্বর শেষে তা বাড়ে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে—তিন মাসে বেড়েছে প্রায় ৫৬ লাখ অ্যাকাউন্ট।
দীর্ঘমেয়াদেও কোটিপতি অ্যাকাউন্ট বৃদ্ধির প্রবণতা পরিষ্কার। ২০২৩ সালের ডিসেম্বরে এ সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮টি, যা এক বছরে বাড়ে ১ লাখ ২১ হাজার ৩৬২টিতে। আর চলতি বছরের সেপ্টেম্বর শেষে দাঁড়ায় ১ লাখ ২৮ হাজার ৭০টিতে।























































