দুর্বল রাজস্ব ও উচ্চ মূল্যস্ফীতির মাঝেও স্থিতিশীলতা—তবু সতর্ক করল আইএমএফ

0
127

বাংলাদেশ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় অগ্রগতি অর্জন করেছে, তবে দুর্বল রাজস্ব আহরণ, আর্থিক খাতের ঝুঁকি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে এখনো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে—এমনই সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বৃহস্পতিবার সন্ধ্যায় আইএমএফ তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, ১৩ দিনের পর্যালোচনা সফর শেষে সংস্থাটি বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক চিত্র মূল্যায়ন করেছে।

আইএমএফের দলটির নেতৃত্বে ছিলেন ক্রিস পাপাজর্জিও। তিনি বলেন, “রাজস্ব ও আর্থিক খাতের সমস্যা মোকাবিলায় সাহসী ও কার্যকর নীতি এখন জরুরি। অন্যথায় ঝুঁকি বাড়তে পারে।”

বিবৃতিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে ৩ দশমিক ৭ শতাংশে নেমেছে। গত বছরের রাজনৈতিক অস্থিরতা ও গণঅভ্যুত্থানের কারণে উৎপাদনে বাধা সৃষ্টি হওয়ায় প্রবৃদ্ধি শ্লথ হয়েছে। তবে মূল্যস্ফীতি দুই অঙ্ক থেকে নেমে ৮ শতাংশে এসেছে, যদিও তা এখনো তুলনামূলকভাবে বেশি।

আইএমএফ জানায়, সরকার রাজস্ব ও মুদ্রানীতিতে কড়াকড়ি আরোপ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। বিনিময় হার সংস্কারের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভও পুনর্গঠন হতে শুরু করেছে।

তবে সংস্থাটি সতর্ক করেছে, দুর্বল কর রাজস্ব ও ব্যাংক খাতের পুঁজি ঘাটতি বাংলাদেশের জন্য বড় ঝুঁকি হিসেবে থেকে যাচ্ছে। আইএমএফ বলেছে, করব্যবস্থা সহজ, ন্যায়সংগত ও বিস্তৃত করতে না পারলে প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে এবং মুদ্রাস্ফীতি বাড়তে পারে।

তাদের পূর্বাভাস অনুযায়ী, দৃঢ় সংস্কার বাস্তবায়ন করা গেলে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি ৫ শতাংশের ঘরে ফিরতে পারে এবং ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি নেমে আসবে ৫ দশমিক ৫ শতাংশে।

সংস্থাটি আরও পরামর্শ দিয়েছে, ভ্যাট হার একীভূত করা, অপ্রয়োজনীয় কর অব্যাহতি তুলে নেওয়া এবং কর প্রশাসনকে আরও স্বচ্ছ করা জরুরি। একই সঙ্গে দুর্বল ব্যাংকগুলোর জন্য একটি সমন্বিত সরকারি কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছে তারা, যাতে মূলধন ঘাটতি মোকাবিলা ও খেলাপি ঋণ পুনরুদ্ধার সহজ হয়।

আইএমএফের মতে, সামাজিক খাতে ব্যয় ও অবকাঠামো উন্নয়ন বাড়াতে যথেষ্ট রাজস্ব আদায় এখন সময়ের দাবি। রাজস্ব সংস্কারে বিলম্ব বা অর্ধেক উদ্যোগ প্রবৃদ্ধিকে আরও দুর্বল করবে এবং সামষ্টিক স্থিতিশীলতায় নতুন ঝুঁকি তৈরি করবে।

Previous articleমানবতাবিরোধী অপরাধ: হাসিনা–কামালের মামলার রায়ের তারিখ নির্ধারণ আজ
Next articleঅধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগপ্রাপ্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here