একীভূত পাঁচ ব্যাংকের নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’চেয়ারপারসন হচ্ছেন সচিব নাজমা মোবারেক

0
93

নিজস্ব প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের নাম রাখা হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। রোববার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির জন্য প্রাথমিক লাইসেন্স বা লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন দেওয়া হয়।

নতুন ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। পাশাপাশি সাতজন পরিচালক নিয়োগ পাচ্ছেন—সরকারের পক্ষ থেকে পাঁচজন ও বেসরকারি খাত থেকে দুজন।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংকটির এলওআই অনুমোদন দেওয়া হয়। এখন আরজিএসসি থেকে নামের অনুমোদন পেলে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক নির্বাহী পরিচালক জানান, নতুন ব্যাংকের বর্তমান পর্ষদের মেয়াদ হতে পারে সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছর। এরপর একীভূত ব্যাংকগুলোর সম্পদ ও দায় যাচাই শেষে স্থায়ীভাবে কার্যক্রম শুরু হবে।

এর আগে ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক—এর দায়িত্ব নেয়। প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়।

নতুন ব্যাংকটি সরকারি মালিকানাধীন হলেও পরিচালিত হবে বেসরকারিভাবে। গভর্নর জানান, এতে আমানতকারীদের অর্থ নিরাপদ থাকবে এবং ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর প্রাথমিক মূলধন ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি, আর আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে।

গভর্নর বলেন, “সব কর্মীর চাকরি বহাল থাকবে। একীভূত ব্যাংক কার্যক্রম শুরু হলে প্রয়োজন অনুযায়ী জনবল সমন্বয় করা হবে।”

Previous articleডিসেম্বরে ব্যাংক খাতে এআই নীতিমালা আসছে: বাংলাদেশ ব্যাংক
Next articleআকুর ১.৬১ বিলিয়ন ডলার পরিশোধের পরও রিজার্ভ ২৬ বিলিয়নের ওপরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here