এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১.৬১ বিলিয়ন ডলার পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৯ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।
এর আগে গত ২৭ অক্টোবর রিজার্ভ ছিল ২৭ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাইয়ে সর্বশেষ মে-জুন সময়ের আমদানি বিল হিসেবে বাংলাদেশ ১.৯৬ বিলিয়ন ডলার আকুর মাধ্যমে পরিশোধ করেছিল। এরপর থেকে দুই বছর ধরে এই বিলের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল—২০২৩ সালে প্রায় সব সময়ই দ্বি-মাসিক বিল ১.৩ বিলিয়ন ডলারের নিচে ছিল।
তবে চলতি বছর থেকে আকু বিলের পরিমাণ আবার বাড়তে শুরু করে। এ বছরের মে-জুন মেয়াদে বিলের পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছায়—গত তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ।
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে গঠিত একটি আঞ্চলিক সংস্থা। তেহরানভিত্তিক এই সংগঠন ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য লেনদেন নিষ্পত্তি করে থাকে।




















































