একীভূত হতে যাওয়া পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের আমানতকারীরা এ মাসের শেষ নাগাদই তাদের টাকা ফেরত পেতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঠিক সময়টা এখনই বলতে পারছি না। তবে আমরা আশাবাদী, এ মাসের মধ্যেই গ্রাহকদের হাতে টাকা তুলে দেওয়া সম্ভব হবে।”
বাংলাদেশ ব্যাংক আজ সকালে ওই পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছে। গভর্নর জানান, “আজ থেকেই প্রশাসকেরা দায়িত্ব নিচ্ছেন। প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে।”
একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এরই মধ্যে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, একীভূত ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। ব্যাংকটির মূলধন দাঁড়াবে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার এবং ১৫ হাজার কোটি টাকার সমমূল্যের শেয়ার পাবেন আমানতকারীরা।
এসব ব্যাংকের মধ্যে চারটির মালিকানা ছিল এস আলম গ্রুপের এবং একটি ছিল নজরুল ইসলাম মজুমদারের। পূর্ববর্তী সময়ে এসব ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছিল, যা ব্যাংকগুলোর আর্থিক অবস্থাকে দুর্বল করে দেয়।
গভর্নর বলেন, “সবচেয়ে কঠিন সময় পেরিয়ে এসেছি। এখন আর আস্থাহীন হওয়ার কোনো কারণ নেই। বিনিয়োগকারীরা বাজারভিত্তিক সুদ পেতে থাকবেন।”





















































