নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জুবায়দুর রহমান তার হাতে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা ঘোষণায় তিনি জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে পাবলিক মার্কেটে মোট ১ লাখ ৪৯ হাজার শেয়ার বিক্রি করবেন। বুধবার ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমাপনী দর ছিল ৪২ টাকা ৮০ পয়সা। সে হিসাবে বিক্রির মোট অঙ্ক দাঁড়াবে প্রায় ৬৪ লাখ টাকা।
একই দিন ব্যাংকের শেয়ার দর ০.৪৭ শতাংশ বেড়ে ৪২ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ হয়।
গত ২৩ জুলাই সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর জুবায়দুর রহমান চেয়ারম্যান হন। চলতি বছরের মার্চে বাংলাদেশ ব্যাংক তাকে পরিচালক হিসেবে মনোনীত করে এবং এপ্রিল মাসে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ব্যাংকের এপ্রিল মাসের শেয়ারহোল্ডিং রিপোর্টে তার নামে কোনো শেয়ার দেখানো হয়নি। তবে জুলাই মাসের রিপোর্টে দেখা যায়, তিনি ১ লাখ ৪৯ হাজার শেয়ারের মালিক। ব্যাংকের শেয়ার বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রায় এক দশক আগে কেনা এসব শেয়ার নথিপত্রের অসঙ্গতির কারণে রিপোর্টে অন্তর্ভুক্ত হয়নি। পরে তা সমাধান হয় এবং তার নামে নিবন্ধিত হয়।
এদিকে ২০২৫ সালের প্রথমার্ধে ইসলামী ব্যাংক আগের বছরের তুলনায় ৮১ শতাংশ কম সমন্বিত নিট মুনাফা দেখিয়েছে। খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে, যা ২০২৩ সালে ছিল মাত্র ৩ শতাংশ।
খেলাপি ঋণের এ ঊর্ধ্বগতি ৬৯ হাজার ৭৭০ কোটি টাকার নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি তৈরি করেছে। এর ফলে ২০২৪ সালে ব্যাংকটি কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি।
চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ইসলামী ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়ায় ৬৭ কোটি ৪০ লাখ টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫৬ কোটি ৯২ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে দাঁড়িয়েছে ৪২ পয়সায়, যেখানে এক বছর আগে তা ছিল ২ টাকা ২২ পয়সা।




















































