গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ‘প্যালেস্টাইনের পেলে’ সুলেইমান আল-ওবেইদ

0
230

আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন প্যালেস্টাইনের সাবেক জাতীয় ফুটবল তারকা সুলেইমান আল-ওবেইদ (৪১), যিনি ভক্তদের কাছে ‘প্যালেস্টাইনের পেলে’ নামে পরিচিত ছিলেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

পিএফএর তথ্য অনুযায়ী, গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষারতদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে তিনি নিহত হন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত খাদ্য সহায়তা নিতে যাওয়া অন্তত ১,৩০০ প্যালেস্টাইনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে আল-ওবেইদ প্যালেস্টাইন জাতীয় দলের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এবং করেছেন শতাধিক গোল। ক্লাব পর্যায়ে তিনি গাজার খাদামাত আল-শাতি ও পশ্চিম তীরের আল-আমারি ইউথ সেন্টারের হয়ে খেলেছেন।

২০১০ সালে নিরাপত্তাজনিত কারণে মাউরিটানিয়ায় একটি প্রীতি ম্যাচে যাওয়ার পথে জর্ডান সীমান্ত থেকে ছয়জন গাজা ফুটবলারকে ফিরিয়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সে সময় আল-ওবেইদ এএফপিকে বলেন, “যখন শুনলাম আমাদের যাতায়াত বন্ধ হবে, খুব কষ্ট পেয়েছিলাম। প্রতিটি ক্রীড়াবিদ স্বপ্ন দেখে আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের জার্সি পরে খেলার।”

গাজা শহরে জন্ম নেওয়া এই ফুটবলারের পরিবারে স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। পিএফএর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে খেলাধুলা ও স্কাউটিং খাতের ৬৬২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২১ জন ফুটবল সম্প্রদায়ের সদস্য।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৬১ হাজার ২৫৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ২১৯ জন বলে জানিয়েছে এএফপি।

Previous articleভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা
Next articleফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here