গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা: গুলিবিদ্ধ হয়ে নিহত ৪, কারফিউ জারি

0
190

গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা: গুলিবিদ্ধ হয়ে নিহত ৪, কারফিউ জারি

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলার ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শহর। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রাণ হারিয়েছেন চারজন। আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ শতাধিক মানুষ।

নিহত চারজন হলেন—দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (২৪), ইমন তালুকদার (১৮) ও ইদ্রিস মোল্যা। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শেখ মো. নাবিল জানিয়েছেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি, রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।’

জানা গেছে, হামলায় অংশ নেয় ছাত্রলীগ ও যুবলীগের নিষিদ্ধ ঘোষিত অংশের নেতাকর্মীরা। তারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালাতে বাধ্য হয়।

হামলার সময় গোপালগঞ্জ জেলা কারাগারে হামলারও চেষ্টা করা হয়। কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে।

পরিস্থিতির অবনতি দেখে এনসিপির কেন্দ্রীয় নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে সেনা পাহারায় তাদের বাগেরহাট সীমান্তে পৌঁছে দেওয়া হয়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, ‘এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরে গুলির আঘাত রয়েছে।’

এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ, যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় পুরো শহর নিয়ন্ত্রণে রয়েছে।

Previous articleঅ্যাশেজে খেলতে আয়ত্তের মধ্যে সব কিছুই করবেন আর্চার
Next articleব্যাংকে আমানতের প্রবৃদ্ধি ফের কমে ৮ শতাংশের নিচে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here