জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো সরকারের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১৪ জুন) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, ‘ফেব্রুয়ারি বা এপ্রিল—যে সময়ই নির্বাচন হোক না কেন, আমাদের প্রস্তুতি রয়েছে। তবে ভোটের ৮-১০ মাস আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘সরকারের সঙ্গে এখনো এ বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি, যেন সময়মতো নির্বাচন সম্পন্ন করা যায়।’
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে লন্ডনে বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে ভোটের ইঙ্গিত মিলেছে। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, ‘এটা তো আন-সাইনড স্টেটমেন্ট। অফিসিয়াল ডকুমেন্ট হলে স্বাক্ষর থাকত। এটা কতটা আসল তা বোঝা যাচ্ছে না।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়া হবে। তবে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই। বিশেষ পরিস্থিতি বিবেচনায় আমাদের প্রস্তুত থাকতে হবে।’
চলতি সপ্তাহে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন হতে পারে। তবে সিইসি এটিকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গণ্য করছেন না।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়কাল মাথায় রেখে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনের তারিখ নির্ধারণে রাজনৈতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করা হবে।






















































