চলতি অর্থবছরের বাজেটে নোবেলসহ ১০টি আন্তর্জাতিক পুরস্কারের অর্থ করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই ১০ পুরস্কারের মধ্যে ৪টিতে কোনো আর্থিক পুরস্কার নেই।
বাজেট প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশি কেউ যদি এই পুরস্কারগুলো পান, তবে প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে। তবে একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার), গ্র্যামি, এমি ও গোল্ডেন গ্লোব—এই চারটি পুরস্কারে কোনো নগদ অর্থ প্রদান করা হয় না।
অস্কার বিজয়ীরা একটি ২৪ ক্যারেট সোনার প্রলেপযুক্ত ব্রোঞ্জের পদক পান, যার আনুমানিক মূল্য ৪০০ ডলার। গ্র্যামি ও এমি অ্যাওয়ার্ডের পদকের মূল্য প্রায় ৮০০ ও ৩০০–৪০০ ডলার। গোল্ডেন গ্লোবেও নগদ অর্থ নেই।
অন্যদিকে, নোবেল পুরস্কারের আর্থিক মূল্য ২০২৪ সালে ছিল প্রায় ১৩ কোটি ৯৯ লাখ টাকা। র্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ৫০ হাজার ডলার, বুকারে ৫০ হাজার পাউন্ড, পুলিৎজারে ১৫ হাজার ডলার এবং সাইমন বলিভার পুরস্কারে ২৫ হাজার ডলার প্রদান করা হয়।
এই চারটি পুরস্কারে এখনো কোনো বাংলাদেশি বিজয়ী হননি।



















































