তুরস্ক সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ: সাম্প্রতিক সংঘাতে তুরস্কের সমর্থনের জন্য এরদোয়ানকে ধন্যবাদ

0
250

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি একটি কৌশলগত সফরে তুরস্কে গেছেন। সফরের অংশ হিসেবে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শেহবাজ শরিফ ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে ইসলামাবাদকে সমর্থন দেওয়ার জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান।

শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) পোস্ট করে জানান, “পাকিস্তান-ভারতের সাম্প্রতিক সংঘাতে সর্বাত্মক সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য তাকে (এরদোয়ান) ধন্যবাদ জানিয়েছি। সেই যুদ্ধে পাকিস্তান নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।”

তবে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এই বিষয়টির কোনো উল্লেখ নেই। বিবৃতিতে বলা হয়, দুই পক্ষের আলোচনায় জ্বালানি, পরিবহন ও প্রতিরক্ষা খাতসহ সর্বক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো উঠে এসেছে। পাশাপাশি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তথ্য ও প্রযুক্তি ভাগ করে নেওয়ার ওপরেও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ তারিক ফাতেমিও উপস্থিত ছিলেন।

প্রায় দুই সপ্তাহ আগে ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতে প্রায় ৭০ জন মানুষ নিহত হন। ওই সংঘাতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের ব্যবহার হয়। পরবর্তীতে মার্কিন মধ্যস্থতায় এই সংঘাতের অবসান হয় এবং নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে রাজি হয়।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে এক প্রাণঘাতী হামলার জন্য ইসলামাবাদকে দায় দিয়েছে নয়াদিল্লি। সে সময় তুরস্ক উভয় পক্ষকে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর আহ্বান জানায়। মুসলিম অধ্যুষিত তুরস্ক ও পাকিস্তান দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র।

Previous articleতত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য, তবে কিছু সাংবিধানিক বিষয়ে মতভেদ: আলী রীয়াজ
Next articleরিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জাবি আলোনসোর নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here