বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আশা প্রকাশ করেছেন যে, ২০২৫ সালের শেষে দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশে নেমে আসবে। তিনি বলেন, জুন মাসে মূল্যস্ফীতির হার ৮ শতাংশে, আগস্টে ৭ শতাংশে এবং বছরের শেষে তা ৫ শতাংশে নামবে বলে প্রত্যাশা করা হচ্ছে ।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাজারভিত্তিক বিনিময় হারের প্রয়োগ ও প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
গভর্নর মনসুর বলেন, মূল্যস্ফীতি ৩–৪ শতাংশে নামিয়ে আনতে পারলে মুদ্রার বিনিময় হারকে (এক্সচেঞ্জ রেট) সাপোর্ট দেওয়া সহজ হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মতো দেশে মূল্যস্ফীতি ২–৩ শতাংশ, যা বাংলাদেশের জন্যও একটি লক্ষ্যমাত্রা হওয়া উচিত ।
তিনি আরও জানান, আগামী বছর বাংলাদেশ ব্যাংক বড় ধরনের হস্তক্ষেপ করবে এবং ব্যাংকগুলো পুনঃমূলধন (রিক্যাপিটালাইজ) হবে। তবে ৫০০ মিলিয়ন ডলারের মার্কেট ইন্টারভেনশন ফান্ড ব্যবহার বাধ্যতামূলক নয় ।
গভর্নর মনসুর প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলেন, ডলারের দাম বাড়ার আশায় মুদ্রা ধরে না রেখে পরিবারের কাছে অর্থ পাঠাতে। তিনি আশ্বস্ত করেন যে, ডলারের বিনিময় হার হঠাৎ করে অনেক বেড়ে যাবে না ।
এছাড়া, তিনি ব্যাংকগুলোকে ফরোয়ার্ড মার্কেট উন্নয়নের আহ্বান জানান এবং ব্যবসায়ীদের এক্সচেঞ্জ রিস্ক ব্যবস্থাপনায় সচেতন থাকার পরামর্শ দেন ।
গভর্নর মনসুর আরও বলেন, দেশের বাইরে বাংলাদেশিদের শত শত বিলিয়ন ডলার রয়েছে, যা দেশে ফিরিয়ে আনতে হলে সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ফরেক্স রিজার্ভ বৃদ্ধি করা জরুরি ।




















































