পাকিস্তান সফরের বিষয়ে সরকারের অনুমোদনের অপেক্ষায় বিসিবি

0
157

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আসন্ন পাকিস্তান সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সরকার থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই এই বিষয়ে এগোনোর কথা জানিয়েছে তারা। চলতি মাসের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সফরটি এখনও চূড়ান্ত হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২১ মে টাইগারদের পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সংশোধিত সূচির কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের সঙ্গে সিরিজের তারিখ পেছাতে প্রস্তাব করেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, সিরিজটি ২৭ মে শুরু হবে।

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, “পিসিবি অনানুষ্ঠানিকভাবে আমাদের কাছে তাদের প্রস্তাব দিয়েছে। আনুষ্ঠানিক তারিখ ও ভেন্যুর তথ্য পাওয়ার পর তা সরকারের কাছে পাঠানো হবে। বিসিবি এককভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।”

তিনি আরও বলেন, “সরকারি সংস্থাগুলো ও দূতাবাস পাকিস্তানকে নিরাপদ মনে করলে এবং অনুমতি দিলে আমরা সফরের বিষয়ে সিদ্ধান্ত নেব। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি অনুমোদন নিশ্চিত করেই আমরা এ ধরনের সফরে অগ্রসর হই।”

ইফতেখার রহমান উল্লেখ করেন, পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও পিএসএলের মতো বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করে নিরাপত্তার সক্ষমতা দেখিয়েছে। তবে সিরিজের ভেন্যু নিয়ে কিছু উদ্বেগ এখনো রয়ে গেছে।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল আগামীকাল সকাল ১০টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে। সেখান তারা স্বাগতিক আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যা ১৭ ও ১৯ মে শারজাহতে অনুষ্ঠিত হবে।

Previous articleনির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: প্রেস সচিব
Next articleবিডার মতবিনিময়: দেশি বিনিয়োগকারীদের গুরুত্ব দেওয়ার আহ্বান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here