নির্বাচনের পর সরকার আসলে আলোচনা করবে আইএমএফ: গভর্নর আহসান এইচ মনসুরপরবর্তী কিস্তি ছাড়ে কোনো আর্থিক চাপ নেই, বললেন বাংলাদেশ ব্যাংক প্রধান

0
181

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৫, বুধবার, দুপুর

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নয়, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পরই বাংলাদেশের জন্য পরবর্তী কিস্তি ছাড়বে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এমন বার্তা দিয়েছে সংস্থাটি—ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন।

তিনি বলেন, ‘আইএমএফ সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে পরামর্শ করেই ঋণের পরবর্তী কিস্তি ছাড়বে। বাংলাদেশ এ বিষয়ে না সম্মতি দিয়েছে, না আপত্তি জানিয়েছে। আমাদের কোনো আর্থিক চাপ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নীতির ধারাবাহিকতা বজায় রাখা।’

গভর্নর আরও বলেন, ‘অর্থ ছাড় পাওয়াটা মূল বিষয় নয়; মূল বিষয় হচ্ছে রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করা। এখন নির্বাচন ঘনিয়ে এসেছে, তাই এই সময় রিভিউ করা যুক্তিযুক্ত নয়।’

তিনি জানান, আইএমএফ-এর আর্টিকেল–৪ মিশন অক্টোবর মাসে ঢাকায় আসবে। তারা আংশিকভাবে ঋণ কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন করবে, তবে পূর্ণাঙ্গ রিভিউ ফেব্রুয়ারিতে সম্পন্ন হবে—যখন নির্বাচনও শেষ হয়ে যাবে।

বাংলাদেশ এ পর্যন্ত ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচির মধ্যে প্রায় ৩৬০ কোটি ডলার পেয়েছে। ডিসেম্বর মাসে পঞ্চম কিস্তি ছাড়ার কথা রয়েছে, আর ষষ্ঠ কিস্তি নির্ধারিত আছে আগামী জুনে।

প্রতিটি কিস্তির আগে দুই সপ্তাহব্যাপী আইএমএফ মিশন এসে পর্যালোচনা করে দেশটি কতটা সংস্কার বাস্তবায়ন করেছে।
আগামী ২৯ অক্টোবর ঢাকায় আসছে তাদের মিশন, পঞ্চম কিস্তির মূল্যায়ন শুরু করতে।

সম্মেলনে অংশ নেওয়া অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও সাংবাদিকদের জানান, নির্বাচনের সময় ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আইএমএফ সতর্ক অবস্থান নিয়েছে, তবে তারা বাংলাদেশের অগ্রগতি নিয়ে আশাবাদী।


Previous articleবড় দলগুলো এসপি-ডিসি পদ ভাগ করছে: নাহিদ ইসলামপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপি আহ্বায়কের অভিযোগ
Next articleযুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের শুল্ক কমিয়ে ১৫–১৬ শতাংশ করার পথে চুক্তিজ্বালানি ও কৃষিখাতকে ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here