তারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

0
128

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসের স্থিতিশীলতা ও সার্বিক পরিবেশ রক্ষার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এ সাক্ষাৎ করেন উপাচার্য।

সাক্ষাৎকালে জাতীয় নির্বাচনপূর্ব পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প, ডাকসু নির্বাচন-পরবর্তী অবস্থা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান উন্নয়নে গৃহীত পদক্ষেপ নিয়ে তারেক রহমানকে অবহিত করেন উপাচার্য।

উপাচার্য বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিএনপির সহযোগিতা কামনা করেন।

জবাবে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উপাচার্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।


Previous articleরপ্তানিতে টানা পতন, ডিসেম্বরে কমল ১৪ শতাংশ
Next articleঅন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here