নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১২ জানুয়ারি ২০২৬
চলতি জানুয়ারি মাসের প্রথম ১২ দিনেই নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৭০০ মিলিয়ন (৭০ কোটি) ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ (৮১ মিলিয়ন) ডলার কিনেছে। প্রতি ডলারের দাম ধরা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা।
এ নিয়ে চলতি ২০২৫–২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত মোট ৩৮৩ কোটি ডলার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কিনেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে গত বছরের জুলাই মাস থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায় বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সরবরাহ চাহিদার তুলনায় বেশি হলে ডলারের দাম কমতে দেওয়া এবং চাহিদা বাড়লে দাম বাড়ার সুযোগ রাখার নীতিই অনুসরণ করছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকাররা বলছেন, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। সরকারের বড় অঙ্কের বৈদেশিক ঋণ পরিশোধের চাপ কমে আসায় ডলারের চাহিদা হ্রাস পেয়েছে। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা ও বিনিয়োগ দুর্বল থাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমেছে, যা বৈদেশিক মুদ্রার বাজারে চাপ আরও কমিয়েছে।




















































