নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ৭ নভেম্বর ২০২৫
ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বরের মধ্যেই এ নীতিমালা কার্যকর করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সাত সদস্যের একটি বিশেষ ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে। টিমের নেতৃত্বে আছেন আইসিটি বিভাগ-১ এর নির্বাহী পরিচালক জাকির হাসান।
তিনি বলেন, “এআই ব্যবহারের সুযোগ যেমন ব্যাপক, তেমনি অনিয়ন্ত্রিত ব্যবহার নিরাপত্তা ঝুঁকি ও অনৈতিক কার্যকলাপের কারণ হতে পারে। আমাদের লক্ষ্য হলো—ব্যাংক খাতে এআই ব্যবহারে নিরাপত্তা, নৈতিকতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা।”
নতুন কাঠামোর আওতায় বাংলাদেশ ব্যাংক নিজস্ব লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) ভিত্তিক এআই সিস্টেম তৈরি করবে, যাতে ক্রস-বর্ডার ডেটা স্থানান্তরের ঝুঁকি কমে আসে।
এই এআই ব্যবস্থার মাধ্যমে মুদ্রাস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের পূর্বাভাসসহ বিভিন্ন অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করা যাবে। একই সঙ্গে লেনদেনের প্যাটার্ন বিশ্লেষণ করে জালিয়াতি ও অর্থ পাচার শনাক্ত করতেও সহায়তা করবে এআই।
এছাড়া ব্যাংকের ক্রেডিট, বাজার ও তারল্য ঝুঁকি পর্যবেক্ষণ আরও কার্যকর হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে দেশের ৬০ শতাংশ ব্যাংকের কোনো এআই-নির্ভর সাইবার নিরাপত্তা নীতিমালা নেই। মাত্র ৫ শতাংশ ব্যাংক দুর্যোগ পুনরুদ্ধার পরিকল্পনায় এআই ব্যবহার করছে।
জাকির হাসান বলেন, “জনসাধারণের জন্য সহজ ভাষায় প্রতিবেদন উপস্থাপন, অভিযোগ দ্রুত বিশ্লেষণ ও সমাধানেও এআই ব্যবহারের সুযোগ আছে।”




















































