বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ জয়া আহসান আবারও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হয়েছেন। আগামী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
এটি তার তৃতীয়বারের মতো এই দায়িত্ব নেওয়া। ২০২২ সালে প্রথমবার তিনি ইউএনডিপির শুভেচ্ছাদূত হয়েছিলেন। এরপর আবার দায়িত্ব পান।
আজ শুক্রবার দ্য ডেইলি স্টার-কে জয়া আহসান বলেন,
“আমি এর আগেও দুইবার এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ছিলাম। এবার নিয়ে তিনবার হতে যাচ্ছে, ভালো লাগছে। ব্যক্তিগতভাবে নানা কাজে যুক্ত থাকি। তবে বড় প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে কাজ করার আনন্দটা আলাদা।”
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজেও সক্রিয় জয়া আহসান। এবারও সেই দায়িত্ব পালনের সুযোগ তাকে নতুন উদ্যম যোগাচ্ছে বলে জানান তিনি।






















































