আবারও বিসিবিতে ফিরছেন টনি হেমিং, থাকবেন টার্ফ ম্যানেজমেন্টের প্রধান পদে

0
224

অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং ফেরত আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “আলোচনা চলছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ টনি বর্তমানে অন্য একটি বোর্ডের সঙ্গে চুক্তিতে রয়েছেন।”

হেমিংয়ের পদ সম্পর্কে স্পষ্ট করে তিনি বলেন, “টনি হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে যোগ দিচ্ছেন। দেশের সব কিউরেটর এখন থেকে তার অধীনে কাজ করবেন এবং তাকে রিপোর্ট করবেন।”

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, টনি হেমিং শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেন। তবে বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। কর্মকর্তারা বলছেন, “তিনি ফিরছেন এটা ঠিক, তবে শুক্রবার আসবেন কি না—সেটা এখনো চূড়ান্ত নয়।”

এর আগে হেমিং বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করলেও হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে চলে যান। তাঁর ফেরার খবরে বিসিবির অভ্যন্তরে কিউরেটর পদের ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়েছে।

বর্তমানে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন গামিনি ডি সিলভা, যার সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন, “আমরা নতুন কিউরেটর নিয়োগের বিষয়ে ভাবছি, গামিনিকে পরিবর্তনও করা হতে পারে।”

বিসিবি সূত্রে জানা গেছে, গামিনি আগামী ১০ আগস্ট ছুটিতে যাচ্ছেন। হেমিংয়ের সঙ্গে আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই গামিনির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।

Previous articleবেরোবির সাবেক উপাচার্য কলিম উল্লাহ গ্রেপ্তার
Next articleনোয়াবের অভিযোগ প্রত্যাখ্যান, গণমাধ্যমের স্বাধীনতায় অটল অন্তর্বর্তী সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here