দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, “দুদকের অনুরোধের ভিত্তিতে অধ্যাপক কলিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।”
দুদকের করা মামলায় কী ধরনের অভিযোগ রয়েছে, কিংবা তার বিরুদ্ধে আরও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না—এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে তার গ্রেপ্তারকে ঘিরে শিক্ষা অঙ্গন ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। দায়িত্বকালীন সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে, যা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল।





















































