পাকিস্তানের বিপক্ষে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম দুটি ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা এখন তাকিয়ে হোয়াইটওয়াশের দিকে। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বে সাত উইকেটের বড় জয় এবং দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে ৮ রানের নাটকীয় জয় পেয়েছে স্বাগতিকরা। এবার ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।
কি অর্জনের হাতছানি টাইগারদের সামনে?
🔶 টানা ৫ ম্যাচে জয়
বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে টানা পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড গড়তে যাচ্ছে। ২০২৩ সালে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে জয় ছিল বাংলাদেশের সর্বোচ্চ টানা জয়। এবারের ম্যাচ জিতলে সেই রেকর্ডে সমতা আসবে।
🔶 হোয়াইটওয়াশের নতুন ইতিহাস
বাংলাদেশ এখন পর্যন্ত তিনবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে (আয়ারল্যান্ড ২০১২, ইংল্যান্ড ২০২৩, ওয়েস্ট ইন্ডিজ ২০২۴)। পাকিস্তানকে হারাতে পারলে এটি হবে চতুর্থবার।
🔶 রিশাদের ৫০ উইকেটের মাইলফলক
লেগ স্পিনার রিশাদ হোসেন আছেন নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে। ৪৮ উইকেট নিয়ে মাঠে নামছেন তিনি, আর ২ উইকেট পেলেই ছয় নম্বর বোলার হিসেবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পূর্ণ করবেন।
🔶 ছক্কার সেঞ্চুরির অপেক্ষা
২০২৫ সালে এখন পর্যন্ত ৯৭টি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। আরও ৩টি ছক্কা হলেই টি-টোয়েন্টি ক্রিকেটে চলতি বছরের ছক্কার শতক পূর্ণ হবে। তানজিদ হাসান তামিম (২১টি) ও পারভেজ হোসেন ইমন (২০টি) এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন।





















































