এসডিএফ হার ৮.৫০% থেকে কমে ৮%, নীতি সুদহার ও এসএলএফ অপরিবর্তিত
বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ)—যা রিভার্স রেপো হিসেবেও পরিচিত—এর হার ৫০ বেসিস পয়েন্ট (০.৫০%) কমিয়ে ৮ শতাংশে নামিয়েছে। তবে নীতি সুদহার (ওভারনাইট রেপো) ১০ শতাংশ এবং স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) হার ১১.৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে এ তথ্য জানানো হয়। সার্কুলারে বলা হয়, মুদ্রানীতির সুদহার করিডোরের নিম্নসীমা হ্রাস করে আন্তঃব্যাংক কলমানি মার্কেটে ব্যাংকগুলোর কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ১৬ জুলাই থেকে নতুন হার কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে অনেক ব্যাংক কলমানি মার্কেটে অন্য ব্যাংককে ঋণ না দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে কম সুদে টাকা জমা রাখছে, যা বাজারে তারল্যের প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলছে। এসডিএফ হার কমানোর মাধ্যমে ব্যাংকগুলোকে আবার কলমানি লেনদেনে উৎসাহিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।
এদিকে, একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুর্বল ব্যাংকগুলো কলমানি বাজার থেকে ঋণ নিতে চাইলেও ঋণ ফেরতের অনিশ্চয়তার কারণে অনেক ব্যাংক সে পথে যেতে চায় না। এর ফলে ব্যাংকগুলো কম সুদের পরেও নিরাপদভাবে বাংলাদেশ ব্যাংকে টাকা জমা রাখাকে বেশি প্রাধান্য দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই হার হ্রাসে স্বল্পমেয়াদে ব্যাংকগুলোর মধ্যে ঋণ আদান-প্রদান বাড়বে এবং বাজারে তারল্য ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও গতিশীল হবে। তবে দীর্ঘমেয়াদে এ সিদ্ধান্তের প্রভাব নির্ভর করবে সামগ্রিক অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতার ওপর।





















































