সৌদি প্রো লিগে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। আল-নাসর ক্লাবের সঙ্গে নতুন করে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি। বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।
কয়েক মিনিট আগে প্রকাশিত একটি টিজার ভিডিওতে রোনালদোকে দেখা যায় সমুদ্রতীরে হাঁটতে, যেখানে তিনি বলেন, “আল-নাসর ফরএভার।” পরে ইনস্টাগ্রামে নিজের পোস্টে লেখেন, “নতুন অধ্যায়ের সূচনা। একই আবেগ, একই স্বপ্ন।”
২০২৩ সালে আল-নাসরে যোগ দেওয়ার মধ্য দিয়েই সৌদি ফুটবলে ইউরোপীয় তারকাদের ঢল নামে। রোনালদোর আগমন সৌদি লিগের আন্তর্জাতিক আকর্ষণ বাড়িয়ে দেয়। এরপর নেইমার, বেনজেমা, কান্তেদের মতো তারকারা সৌদিতে পাড়ি জমান।
যদিও গত মাসে “এই অধ্যায় শেষ”— এমন এক পোস্ট দিয়েছিলেন রোনালদো, যা দলবদলের গুঞ্জন উসকে দেয়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি ফুটবলের পোস্টার বয় এখন আল-নাসরেই থাকছেন আগামী তিন মৌসুম।





















































