প্রথম লেগে দারুণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে রয়েছে আর্সেনাল। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে নামার আগে চোট সমস্যায় দুশ্চিন্তায় রয়েছে মিকেল আর্তেতার দল।
চোটে বিপর্যস্ত আর্সেনাল
গতকাল প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার ম্যাচে নতুন করে চোটে পড়েছেন তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট অনুশীলনে চোট পাওয়ায় খেলেননি। ম্যাচের ৬৯তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন ঘানাইয়ান মিডফিল্ডার থমাস পার্টে। আর ৮৬তম মিনিটে পাঁজরের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো।
এই তিন তারকাকে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
কোচ আর্তেতার প্রতিক্রিয়া
ম্যাচ শেষে কোচ মিকেল আর্তেতা জানান, হোয়াইট স্কোয়াডে থাকার মতো অবস্থায় ছিলেন না, তবে হাতে থাকা সময়ের মধ্যে তিনি সেরে উঠতে পারেন কি না, তা দেখা হবে।
জর্জিনিয়োর চোট প্রসঙ্গে আর্তেতা বলেন, “তার পাঁজরে চোট লেগেছে, এবং মাঠে নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। তাই খেলা চালিয়ে যেতে পারেনি।”
পার্টে সম্পর্কে তিনি জানান, “সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। চিকিৎসকরা পর্যবেক্ষণ শেষে পরিস্থিতি জানাবেন।”
চোট সমস্যা ও লম্বা অনুপস্থিতির তালিকা
বর্তমানে আর্সেনালের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে মাঠের বাইরে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, ডিফেন্ডার তাকেহিরো তমিয়াসু, ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল, জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ এবং ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়। তবে কালাফিওরির দ্রুত মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
আগামী বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামবে আর্সেনাল। তাদের চোট সমস্যার সমাধান কতটা হবে, সেটাই এখন দেখার বিষয়।























































