চলতি মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল পরিশোধের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গিয়েছিল ২৬ বিলিয়ন ডলারের নিচে। তবে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহে রিজার্ভ আবারও ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী বর্তমানে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.০৮ বিলিয়ন ডলার।
তিনি বলেন, “রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার কারণে রিজার্ভে নতুন যোগ হচ্ছে। এজন্য আকু পেমেন্ট পরিশোধের পরও রিজার্ভ বাড়তে পেরেছে।”
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে। রপ্তানি আয় ও প্রবাসী আয়ের কারণে অতিরিক্ত ডলার অন্য ব্যাংকের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকেও বিক্রি হচ্ছে। এর ফলেই রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।




















































