নির্বাচন সম্ভব নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

0
169

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে বলেছেন, দেশে এ মুহূর্তে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। গত বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন, যা আজ শুক্রবার প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে নাহিদ বলেছিলেন, অন্তর্বর্তী সরকার এখনো জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এ বছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হবে। তবে আজ বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম স্পষ্ট করেন, তিনি সরাসরি নির্বাচনের অনুপযোগিতা নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।

নাহিদ বলেন, “আমি বলেছিলাম, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন। পুলিশ প্রশাসনের সক্ষমতা ও কার্যকারিতা উন্নত করার পাশাপাশি সরকার, রাজনৈতিক দল এবং সমাজের অন্যান্য শক্তিকে সহযোগিতার হাত বাড়াতে হবে।”

এএফপিকে দেওয়া বক্তব্যে নাহিদ আরও উল্লেখ করেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। তবে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তিনি অস্বীকার করেন।

গত বছরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম পরবর্তীতে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। সম্প্রতি পদত্যাগ করে তিনি তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন।

নাহিদ বলেন, এনসিপি দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রভাব বজায় রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে। “আমাদের দল ভবিষ্যতের রাজনৈতিক শক্তি হয়ে উঠবে,” উল্লেখ করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য আগামী কয়েক দশক ধরে দেশের জন্য কাজ করা।”

এদিকে, বিএনপির সঙ্গে জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে এনসিপির। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও নাহিদ মনে করেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আগে আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নত করা প্রয়োজন।

দলীয় অন্তর্ভুক্তির বিষয়ে নাহিদ বলেন, “আমরা বৈচিত্র্যকে ধারণ করি। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতির কিছু সীমাবদ্ধতা মেনে চলি। আমাদের লক্ষ্য সব নাগরিকের অধিকার নিশ্চিত করা।”

এনসিপির প্রতিষ্ঠার পর সমকামী অধিকার নিয়ে কাজ করা একজন নেতাকে ডানপন্থীদের চাপে কমিটি থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় সমালোচনা হলেও দলটি নারীর অংশগ্রহণ এবং বিভিন্ন বর্ণ ও ধর্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Previous articleমার্কিন সামরিক সহায়তা স্থগিত: ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ?
Next articleছয় মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় ৭ হাজার কোটি টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here