তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল-সংক্রান্ত রায়ের পর সরকার গঠনের পদ্ধতি নিয়ে তৈরি হওয়া ‘অস্পষ্টতা’ দূর করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সরকারকে স্পষ্ট করতে হবে—তত্ত্বাবধায়ক সরকার কি আগের ত্রয়োদশ সংশোধনীর কাঠামোয় হবে, নাকি জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো স্পষ্টভাবে উল্লেখ আছে। অথচ রায়ের পরও সরকার পরিষ্কার ব্যাখ্যা দিচ্ছে না। তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল বলছেন জুলাই সনদ অনুযায়ী হবে। কিন্তু বিএনপিসহ কয়েকটি দল এখনো ত্রয়োদশ সংশোধনীতে ফেরার কথা বলছে।’
বিচার বিভাগের ওপর নির্ভরশীল পুরোনো ব্যবস্থার কারণে অতীতে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। আখতার হোসেন বলেন, ২০০১ সালে বিচারপতিদের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত থেকেই এক–এগারোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়ে তিনি বলেন, সনদের কিছু জায়গায় এখনো অস্পষ্টতা রয়েছে। এসব সংশোধন করে সঠিক আইনি ভিত্তি নিশ্চিত করা হলে এনসিপি সনদে স্বাক্ষর করতে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।




















































