২০০৮ সালে প্রথম আইপিএলে অংশ নিয়েছিলেন ১২ জন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু একই বছরের মুম্বাই হামলার পর পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে আরও অবনতি হলেও, সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির আগামী বছর আইপিএলে খেলার স্বপ্ন দেখছেন—তবে এটি পাকিস্তানি নাগরিকত্ব নিয়ে নয়।
এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, পিএসএলের চেয়ে আইপিএলে খেলার সুযোগকেই তিনি প্রাধান্য দেবেন। তার বিশ্বাস, আগামী বছর হয়তো সেই সুযোগ আসতে পারে।
আমিরের এই সম্ভাবনা তার স্ত্রী নার্গিসের কারণে। তিনি ব্রিটিশ নাগরিক, এবং আমিরও শিগগিরই ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন। পাকিস্তানি নাগরিকদের আইপিএলে অংশগ্রহণ নিষিদ্ধ হলেও ব্রিটিশ পাসপোর্টধারী হিসেবে তার আইপিএলে খেলার সুযোগ থাকবে। উদাহরণস্বরূপ, ব্রিটিশ নাগরিক হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত মঈন আলি নিয়মিত আইপিএলে খেলেন। এমনকি সিকান্দার রাজাও ব্রিটিশ নাগরিক হিসেবে আইপিএলে অংশ নিয়েছেন।
পিএসএল চলাকালীন এক সাক্ষাৎকারে আমির বলেন, “সত্যি কথা বলতে, যদি সুযোগ পাই, তবে আইপিএল খেলব। আমি খোলাখুলিভাবে বলছি—আইপিএলে যদি সুযোগ না পাই, তবে পিএসএল খেলব। আশা করছি, আগামী বছর আইপিএলে খেলার সুযোগ পাব। পেলে কেন খেলব না?”
আমির আরও বলেন, ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর তিনি আইপিএলের নিলামে নিজের নাম পাঠাবেন। নিলামে বিবেচিত হলে, তিনি নির্দ্বিধায় আইপিএলকে বেছে নেবেন। তবে যদি আগেই পিএসএলের কোনো দলের সঙ্গে চুক্তি করেন, তাহলে কিছু জটিলতা তৈরি হতে পারে। তবে তার ধারণা, আগামী বছর পিএসএল ও আইপিএল একই সময়ে হবে না।
এ বছর পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা আমির ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠ মাতাচ্ছেন।





















































