রমজান সামনে রেখে আমদানি বাড়ায় বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলার

0
131

রমজানকে সামনে রেখে আমদানি বাড়ায় চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এক মাসের ব্যবধানে এই ঘাটতি প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স অব পেমেন্টসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্য ঘাটতি ছিল ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। অক্টোবরে আমদানি বেড়ে যাওয়ায় ঘাটতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই–অক্টোবর সময়ে মোট আমদানি হয়েছে ২২ দশমিক ১১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেশি। একই সময়ে রপ্তানি হয়েছে ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। আমদানি ও রপ্তানির এই ব্যবধানেই বাণিজ্য ঘাটতি বেড়েছে।

গত এক বছরের বেশির ভাগ সময় মাসিক আমদানি ৫ বিলিয়ন ডলারের নিচে থাকলেও অক্টোবরে তা বেড়ে প্রায় ৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছায়।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ সময়ে পেট্রোলিয়াম ও সারের আমদানি বাড়ার পাশাপাশি রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রমজানে চাহিদা বেশি থাকায় সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর আমদানিতে সেপ্টেম্বর ও অক্টোবরে এলসি খোলা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি বেড়েছে ৩৬ শতাংশ, চিনি ১১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ, ছোলা ২৭ শতাংশ, মটর ডাল ২৯৪ শতাংশ এবং খেজুর ২৩১ শতাংশ। একই সঙ্গে জ্বালানি তেল ও সারের আমদানি বেড়েছে যথাক্রমে ৫০ ও ২৫ শতাংশ।

চলতি হিসাবে ঘাটতি

বাণিজ্য ঘাটতি বাড়ার প্রভাব পড়েছে চলতি হিসাবেও। জুলাই–অক্টোবর সময়ে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৯ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৪০ মিলিয়ন ডলার।

এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১০ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছালেও আমদানি ব্যয় বেশি থাকায় চলতি হিসাব ঋণাত্মক রয়েছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে উদ্বৃত্ত

তবে অর্থবছরের প্রথম চার মাসে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি উদ্বৃত্ত হয়েছে। ট্রেড ক্রেডিট এবং মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ বাড়ায় এই উদ্বৃত্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেডিট ফাইন্যান্সিংও বেড়েছে, যার ফলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের অবস্থান আগের তুলনায় শক্ত হয়েছে।

Previous articleট্রাম্পের নতুন শুল্কে আদায় ছাড়াল ২০০ বিলিয়ন ডলার
Next articleনির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রণ, কূটনীতিকদের নিরাপত্তার আশ্বাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here