আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
ইসরায়েলের হামলার এক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্তের দ্বারপ্রান্তে পৌঁছেছে কাতার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রুবিও বলেন, কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারত্ব রয়েছে এবং নতুন চুক্তি সেই সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তির প্রয়োজনীয়তাকে আরও ত্বরান্বিত করেছে।
দোহায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থাকায় এই হামলাকে বিশেষভাবে সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে। তবে কাতার জানিয়েছে, এটি তাদের মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে বিরত রাখবে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলায় অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ বিষয়ে তাকে আগে কিছু জানায়নি ইসরায়েল। নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প আশ্বাস দেন, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।




















































