৩৯২ কোটি টাকার ঋণ পরিশোধ করায় এক্সিম ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা ঋণ খেলাপির মামলা প্রত্যাহার করেছে ব্যাংক এশিয়া।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার পাঁচ নম্বর অর্থঋণ আদালতে ঋণ পরিশোধের তথ্য জানায় বাদীপক্ষ ব্যাংক এশিয়া। একই সঙ্গে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
২০২৪ সালের তারল্য সংকট সামাল দিতে ব্যাংক এশিয়া থেকে ৩৫০ কোটি টাকা ধার নিয়েছিল এক্সিম ব্যাংক। সুদসহ মোট পরিশোধযোগ্য অঙ্ক দাঁড়ায় ৩৯২ কোটি ২১ লাখ টাকা। নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারায় গত ৪ আগস্ট আদালত এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ দেন।
এরপর ২৭ আগস্ট পুরো টাকা শোধ করে ব্যাংকটি। ফলে বুধবার মামলাটি প্রত্যাহার করা হয়।




















































