ঢাকা, ২৪ জুলাই — অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি বাজেট প্রণয়ন গুরুত্বপূর্ণ হলেও এর প্রকৃত সাফল্য নির্ভর করে কার্যকর বাস্তবায়নের ওপর। তিনি বাজেট বাস্তবায়নে অর্থ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক বাজেটটি দেশের বিভিন্ন মহলে ইতিবাচক সাড়া পেয়েছে। তবে এর সুফল নিশ্চিত করতে দক্ষতা, জবাবদিহি ও সময়মতো বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রশাসন সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনে সেবামুখী ও দায়িত্বশীল মানসিকতা গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে উদ্ভাবনী চিন্তা, মুক্ত আলোচনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে অর্থমন্ত্রী কর্মকর্তাদের খোলামেলা মতামত ও বাস্তবভিত্তিক প্রতিক্রিয়া দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতেই কার্যকর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব।
পরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে অবকাঠামো, পর্যটন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।




















































